ঘুম থেকে ওঠার পরও ঘুম ঘুম লাগার কারণ কী

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০২:২৩ পিএম


ঘুম থেকে ওঠার পরও ঘুম ঘুম লাগার করণ কী
প্রতীকী ছবি

সকালে ঘুম থেকে ওঠার পরও অনেকের ক্লান্তি ও ঘুম ঘুম ভাব কাটে না। দিনের শুরুতেই তারা প্রায়ই বলেন, ‘ঘুমিয়েও ফ্রেশ লাগছে না।’ এমন অবস্থা কেবল শারীরিক নয়, এটি একধরনের মানসিক ক্লান্তিও বটে—যা ‘মর্নিং ফ্যাটিগ’ বা সকালবেলার ক্লান্তি নামে পরিচিত। এটি সাময়িক হলে স্বাভাবিক, তবে দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা গুরুতর স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে।

বিজ্ঞাপন

এই সমস্যা কেন হয় এবং এর থেকে মুক্তির জন্য কী করণীয়, তা নিয়ে পরামর্শ দিয়েছেন মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান।

সকালের ক্লান্তির প্রধান কারণ হলো পরিমিত ঘুমের অভাব বা খারাপ মানের ঘুম। রাতে পর্যাপ্ত বিশ্রাম না হলে শরীর দিনের জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে পারে না। মানসিক চাপ ও উদ্বেগও ঘুমের স্বাভাবিক ধরনে বাধা দেয়, যার ফলে অনেকের কিছুক্ষণ ঘুমের পর ঘুম ভেঙে যায়।

বিজ্ঞাপন

এ ছাড়া, প্রোটিন, আয়রন, সোডিয়াম এবং ভিটামিন ডির মতো গুরুত্বপূর্ণ পুষ্টি ও খনিজের অভাব এ ধরনের সমস্যার একটি বড় কারণ হতে পারে।

হরমোনজনিত কিছু রোগ, যেমন থাইরয়েডের অস্বাভাবিকতা বা ডায়াবেটিস, এমনকি হৃদরোগের কারণেও সকালে ক্লান্তি বাড়তে পারে। রক্তশূন্যতার কারণেও সহজে ক্লান্তিবোধ আসে।

বিজ্ঞাপন

জীবনযাত্রার ভুল অভ্যাস, যেমন রাতে দেরিতে ঘুমানো, অতিরিক্ত চা-কফি পান করা বা সকালের প্রাতরাশ এড়িয়ে যাওয়াও এই ক্লান্তির জন্য দায়ী।

আরও পড়ুন

সকালের ক্লান্তি দূর করতে হলে প্রথমেই প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। ঘুমের গুণগত মান বাড়াতে ঘুমাতে যাওয়ার আগে মুঠোফোন, টিভি বা অন্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার পরিহার করা উচিত। সকালের নাশতায় ডিম, দুধ, ওটস, ফল বা শস্যের মতো পুষ্টিকর খাবার খাওয়া জরুরি।

এর পাশাপাশি, প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস করতে হবে এবং পর্যাপ্ত পানি পান করে দেহে পানিশূন্যতা রোধ করতে হবে। তবে মনে রাখতে হবে, সকালের ক্লান্তি কখনো কখনো জীবনের অতিরিক্ত চাপের প্রমাণও হতে পারে।

নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। এরপরও যদি দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভূত হয়, তবে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সচেতনতা ও অভ্যাসের পরিবর্তনেই দিনটি শুরু হতে পারে প্রাণবন্ত, শক্তিশালী মনোবল ও সতেজ শরীর নিয়ে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission